Sunday, October 3, 2021

আনারস এবং দুধ একসাথে খেলে কি হয়?

 “দুধ এবং আনারস একসাথে বা পরপর খেলে বিষক্রিয়া হয়ে মারা যাবে” – ছোটবেলা থেকে এই কথাটি শুনে আসেনি এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে একেবারে নেই বললেই চলে। এই ভয়ে অনেকে দুধচা খাওয়ার পর, সেদিন ভুলেও আনারস মুখে তোলেন না। কছুদিন চাকসেও দুধচা ও আনারস সম্পর্কিত বেশকিছু পোস্ট দেখা যাচ্ছে, সেখানে অনেকের কমেন্ট দেখে স্পষ্ট বোঝা যায় তারা মনে প্রাণে বিশ্বাস করেন দুধচা খেয়ে আনারস খেলে মারা যাওয়ার সম্ভবনা আছে। আসুন দুধ ও আনারস সম্পর্কিত কিছু বিষয় জেনে নিই।


আনারস দুধ


দুধের অন্যতম উপাদান হল ক্যাসিন (Casein) । দুধের সাথে যখন কোন অ্যাসিডিক পদার্থ মেশানো হয়, যেমন লেবু, আনারস, বা টক জাতীয় অন্য কোন ফল বা খাবার, তখন তা দুধকে ভেঙ্গে ক্যাসিন আলাদা করে ফেলে এবং দুধ পরিণত হয় ছানায়। এমনকি মানবদেহে পাকস্থলীর মাঝেও এক বিশেষ প্রকার গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে যা হজমে সহায়তা করে। দুধ পান করলে পাকস্থলীতে পৌঁছানোমাত্রই সেটি ক্যাসিন আলাদা করে দুধকে ছানায় পরিণত করে। এটি একটি স্বাভাবিক হজম প্রক্রিয়া, যা ছোটবড় সকলেরই হয়ে থাকে।
দুধের মধ্যে আনারস মেশালে উপরে বর্ণিত কারণে দুধ জমাট বেধে ছানায় পরিণত হবে। যা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং আনারস ছাড়া অন্য যেকোনো টক জাতীয় খাবারের জন্যও প্রযোজ্য। কিন্তু এর কারণে এমন কোন বিষক্রিয়া তৈরি হয় না, যাতে মানুষ মারা যেতে পারে। এরকম ‘অপ্রক্রিয়াজাত’ ছানা এবং ‘আনারস মিশিয়ে’ বানানো ছানার মধ্যে গঠনগত কোন পার্থক্য নেই। তাই এমন ‘কাঁচা’ ছানা খেলে যেসব শারীরিক সমস্যা হতে পারে (বিশেষত গ্যাস্ট্রিকজনিত কোন সমস্যা থাকলে), আনারস ও দুধ একসাথে খেলেও ঠিক সেই রকমই সমস্যা হতে পারে। এছাড়া বিশেষ কোন সমস্যা বা বিষক্রিয়া হবে না।
তবে এখানে বলে রাখা দরকার, আনারস কিংবা দুধে কারো কারো এলার্জী থাকতে পারে। সেক্ষেত্রে আনারস গ্রহণে কিংবা দুধ পানে বিরূপ শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্যই আলসার বা গ্যাস্ট্রিক বা ‘ল্যাক্টোজেন টলারেন্স’ কম এমন রোগীদেরকে দুধ পান করতে কিংবা বেশি পরিমাণে টক জাতীয় ফল খেতে নিরুৎসাহিত করা হয়। এই ধরণের পূর্ব শারীরিক অবস্থা না থাকলে, দুধ ও আনারস একসাথে খেলে আলাদা করে কোন স্বাস্থ্যঝুঁকি নেই। উল্লেখ্য বিশ্বের বিভিন্ন স্থানে আনারস ও দুধের তৈরি জনপ্রিয় বিভিন্ন পানীয় রয়েছে, যার মধ্যে ভাইফালা, বাবল টি পাইন্যাপল স্মুদিস, ওটাই, মিল্কশেক ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পানীয়তেও কোন বিষক্রিয়া হওয়ার প্রমাণ পাওয়া যায় না।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির’ মেডিসিন বিভাগের প্রোফেসর ড. এ বি এম আব্দুল্লাহ এ বিষয় বলেন,“যদি কেউ আনারস ও দুধ একসাথে খায় তবে সে মারা যাবে – এমন ধারনাটি ভুল। এটি খাদ্যবিষয়ক কুসংস্কার বা ভ্রান্তধারনা।”
হলি মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের, ড. শাহ মোনেমের সাথে কথা বলা হলে তিনি বলেন,“আমি কখনো কোন মানুষকে দুধ ও আনারস একসাথে খেয়ে মারা যেতে দেখি নি। এটি একটি কুসংস্কার। অনেক সময় আমরা দুধ-আনারসের ডেসার্ট, কাস্টার্ড বা স্মুদি খেয়ে থাকি। কিন্তু এসব খেলে বিশেষ কোন সমস্যা হয় না।”
এপলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন,“দুধ ঠিক মত প্রক্রিয়াজাত না করলে, কিংবা অসম পরিমাণে আনারসের মিশ্রণে তা শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যার ফলাফলে মৃত্যু না বরং পেট খারাপ হওয়া, বদ হজম কিংবা গ্যাস্ট্রিক জনিত সমস্যা হতে পারে।”
তবে ড. এ বি এম আব্দুল্লাহ, এই ধরণের সমস্যা এড়াতে ২-৩ ঘণ্টার পার্থক্যে দুধ ও আনারস খেতে পরামর্শ দেন এবং খালি পেটে আনারস খেতে নিরুৎসাহিত করেন।

No comments:

Post a Comment

চা পান করলে ত্বক কালো হয়না

  গুজবে কান দিবেন না , চা পান করলে ত্বক কালো হয়না। চা খেলে যদি বাস্তবিকই কেউ কালো হয়ে যেত, তাহলে তো ইংরেজ ও আইরিশদের গায়ের রং আগেই পাল্টে ...